আজ ১১ই ফেব্রুয়ারি ২০২৫। জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মো: ইসরাইল হোসেন। কোমলমতি শিক্ষার্থীদের হাতে তিনি পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উনার মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষার্থীরা মনযোগ সহকারে পিনপতন নীরবতায় শ্রবণ করে। উপজেলার তিন দিকে উঁচুনিচু টিলা-পাহাড় বেষ্টিত মনোরম সুদৃশ্য চা বাগান এবং একদিকে হাকালুকি হাওড়। এরই মাঝে জুড়ী বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। জেলা প্রশাসক মহোদয় উনার শত ব্যস্ততা উপেক্ষা করে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সময় দিয়েছেন এজন্য আমরা শিক্ষক-শিক্ষার্থী সবাই উনার নিকট কৃতজ্ঞ।
সভায় বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জুড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার এবং আমাদের বিদ্যালয়ের সভাপতি জনাব বাবলু সূত্রধর। যার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় বিদ্যালয়ের নানারকম উন্নয়নমূলক কাজ চলমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনোয়ার।
সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব হাফছা হাবিবা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম, ছাত্র সমন্বয়ক আফজাল হাসান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।
কোমলমতি শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল ও উপহার পেয়ে যারপরনাই আনন্দিত। সুন্দর নৃত্যানুষ্ঠান উপভোগ করে ও দুপুরের খাবার খেয়ে শিক্ষার্থীরা পুরস্কার নিয়ে বাড়ি ফেরেন।